ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের পাগলাকানাই মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব-৬ ঝিনাইদহের কোম্পানী কমান্ডার মেজর মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শহরের পাগলা কানাই এলাকায় অবৈধ অস্ত্র বেচাকেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বোরহান উদ্দীন নামের একজনকে আটক করে। পরে তার দেহ তল¬াসী করে একটি বিদেশী নাইন এমএম পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বোরহান উদ্দীন দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্রের ব্যবসা করে আসছিল বলে জানিয়েছে র্যাব। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। বোরহান উদ্দীন চুয়াডাঙ্গা সদর উপজেলার মোহাম্মদ জুম্মা গ্রামের মৃত সাবুল উদ্দীনের ছেলে। তবে সে হরিণাকুন্ডু উপজেলার বরিশখালী ও জেলা শহরের বিভিন্ন স্থানে বসবাস করতো। এদিকে মঙ্গলবার হরিণাকুন্ডু উপজেলার সোহাগপুর গ্রাম থেকে র্যাব আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে আনতে গিয়ে জনতার বাধার মুখে ছেড়ে দিয়েছে। তবে আটক অস্ত্র ব্যবসায়ী বোরহানের সাথে আশরাফুলের যোগসুত্র থাকতে পারে এমন সন্দেহ করে র্যাব সোহাগপুর গ্রামে অভিযান চালায় বলে র্যাব-৬ এর একটি সুত্র জানায়।
সমীকরণ প্রতিবেদন