
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা দামুড়হুদার বড়বলদিয়া গ্রামের ধর্ষণ অপচেষ্টা মামলার বাদী ডলি খাতুনকে ধর্ষণ ও হত্যার হুমকি দিয়ে আসছে প্রতিবেশী সুজন। শিশুকণ্যাকে ধর্ষণ অপচেষ্টা চালানোর পর এবার স্বয়ং তার মা ডলি খাতুনকেই ধর্ষণ ও হত্যার হুমকি প্রদান করে সে। এমনকি হত্যার পর ডলির লাশ গুম করারও হুমকি দেয় সে। এবিষয়ে দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছে শিশুকণ্যার পরিবার। জানা গেছে, গত মাসের ১২ তারিখ সকাল ৯টার দিকে বাড়িতে একা পেয়ে শিশুকণ্যা তানজিদা খাতুন তমাকে (৭) ধর্ষণের অপচেষ্টা চালায় প্রতিবেশী মজিবরের ছেলে সুজন (১৮)। ওই সময় শিশু তমার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় সুজন। বিষয়টি জানাজানি হলে গ্রাম্য সালিশ বৈঠকের আয়োজন করা হয়। তাতেও কোন সুরাহা হয়নি। পরে শিশুকন্যা তমার মা ডলি খাতুন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে অভিযুক্ত সুজন ও তার পরিবারের লোকজন মামলা তুলে নিতে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। গত সোমবার সন্ধ্যায় আসামী সুজন, তার পিতা মজিবর, দীন মোহাম্মদের ছেলে শাহাবুদ্দিন, গোল্ম, আখের এবং মোমিনের ছেলে আশরাফ আলী প্রকাশ্যে ডলি খাতুনের বাড়িতে ঢুকে মামলা তুলে নিতে বলে। তা না হলে ডলি খাতুনকেও ধর্ষণের পর হত্যা করে লাশ গুম করারও হুমকি দেয় তারা। এবিষয়ে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
সমীকরণ প্রতিবেদন