জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দত্তনগর রোডের পূর্ব পাশের ফুটপাত অবৈধ দখলমুক্ত করে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল বৃহস্পতিবার জীবননগর নির্বাহী অফিসার, পৌরসভার প্রশাসক এবং জীবননগর থানার অফিসার ইনচার্জের কাছে গণস্বাক্ষর জমা দিয়ে এই দাবি জানানো হয়।
গণস্বাক্ষরে উল্লেখ করা হয়, দত্তনগর রোডের পূর্ব পাশে প্রধান সড়কসংলগ্ন ড্রেনের ওপর নির্মিত ফুটপাতটি স্কুলশিক্ষার্থীসহ এলাকার সাধারণ মানুষের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু স্থানীয় কিছু ব্যবসায়ী ও দোকানদার ফুটপাত দখল করে দোকানের মালামাল রাখছেন। পাশাপাশি অস্থায়ী বারান্দা সম্প্রসারণ ও স্থাপনা বৃদ্ধি করে চলাচলের পথে বাধা সৃষ্টি করেছেন। এতে পথচারী ও কোমলমতি শিক্ষার্থীদের বাধ্য হয়ে মূল সড়কের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। ফলে দুর্ঘটনার আশঙ্কার পাশাপাশি সড়কে যানজটও সৃষ্টি হচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
এ অবস্থায় জনস্বার্থ ও পথচারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ফুটপাত থেকে সব ধরনের অবৈধ দখল, স্থাপনা ও মালামাল দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন আবেদনকারীরা। একই সঙ্গে ফুটপাতটি সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তাঁরা।
জীবননগর অফিস