শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
দামুড়হুদায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদলতের অভিযান

স্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুটি চিমনি

  • আপলোড তারিখঃ ৩০-১০-২০২৬ ইং
স্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুটি চিমনি

দামুড়হুদা উপজেলায় আইনকে তোয়াক্কা না করে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটায় কঠোর অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উচ্ছেদ অভিযানে ভাটা দুটির স্থায়ী চিমনিসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো স্কেভেটর দিয়ে সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের যৌথ সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কোনো ধরনের সরকারি অনুমোদন বা পরিবেশগত ছাড়পত্র ছাড়াই জেলার বিভিন্ন এলাকায় ইটভাটাগুলো কার্যক্রম চালিয়ে আসছিল। পরিবেশ অধিদপ্তর থেকে ইতিপূর্বে এসব অবৈধ প্রতিষ্ঠানের মালিকদের বারবার সতর্ক করা হলেও তারা তা আমলে নেননি। আইন অমান্য করে কার্যক্রম চালিয়ে যাওয়ায় শেষ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়।


গতকাল বৃহস্পতিবার দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকার ‘সনি ব্রিকস’ এবং দুধপাতিলা গ্রামের ‘দোয়েল ইটভাটা’-য় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। বৈধ কাগজপত্র না থাকায় এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠান দুটির বিশাল চিমনি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়।


দিনব্যাপী এই অভিযানের নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন। এসময় চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্রসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক  সাজ্জাদ হোসেন জানান, পরিবেশ রক্ষার্থে এবং সরকারি নীতিমালার পরিপন্থী অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের কঠোর অবস্থান ও উচ্ছেদ অভিযান আগামীতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে চাঞ্চল্যকর সুলতান হত্যা, নাম পরিবর্তন করে