চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এলিট স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানের অফিস উদ্বোধন, শিক্ষক অভিষেক ও শিক্ষার্থী ভর্তি কার্যক্রমের সূচনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের পৌর কলেজ মোড়ে প্রতিষ্ঠানের ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ। পরে পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্যদিয়ে আলোচনা সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন শরীফুজ্জামান শরীফ।
অনুষ্ঠানে ১১ জন পুরুষ ও ১০ জন নারীসহ মোট ২১ জন শিক্ষক-শিক্ষিকাকে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি নার্সারি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। ভর্তি কার্যক্রম শুরুর পর থেকেই সন্তানদের ভর্তির বিষয়ে অভিভাবকদের কাছ থেকে আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে নেওয়া বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়। বর্তমান সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আইটিনির্ভর শ্রেণিকক্ষ ও প্রাইভেটমুক্ত শিক্ষাব্যবস্থা চালুর উদ্যোগের কথা জানানো হয়। এসব উদ্যোগের মাধ্যমে চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আমাদের মূল লক্ষ্য শুধু শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে সহায়তা করা নয়, বরং তাদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা। বর্তমান যুগের চাহিদা বিবেচনায় আমরা আইটিনির্ভর আধুনিক শ্রেণিকক্ষ ও প্রাইভেটমুক্ত শিক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছি। শিক্ষার্থীরা যেন প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষেই পাঠ্যবিষয়গুলো ভালোভাবে বুঝতে পারে এবং নিজেদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটাতে পারে, সে লক্ষ্যে কাজ করা হবে। অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমণ্ডলীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্ব দেওয়া হবে। আমি আশা করি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এলিট স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ চুয়াডাঙ্গায় একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।’
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও অধ্যক্ষ আবুল কাসেম অনুরাগীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শাজাহান আলী বিশ্বাস, দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর রোকনুজ্জামান, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন সুলতানা, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাহমিদা রহমান, চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শোয়েব রহমান ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এটম এবং জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম। এছাড়া অনুষ্ঠানে প্রতিষ্ঠানের নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক