চুয়াডাঙ্গা শহরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বাসি খাবার সংরক্ষণ এবং কাঁচা ও রান্না করা মাংস খোলাভাবে ফ্রিজে রাখার অপরাধে ঢাকা বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার কলেজ রোড, হাসপাতাল রোড ও শহীদ আবুল কাশেম রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্যাস, ওষুধ, খাদ্যপণ্য ও লন্ড্রিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি করা হয়।
অভিযানকালে হাসপাতাল রোডের মো. আবিল শরীফের মালিকানাধীন ঢাকা বিরিয়ানি হাউজে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যসামগ্রী তৈরি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। সেখানে কাঁচা ও রান্না করা মাংস খোলাভাবে ফ্রিজে রাখা এবং বিক্রির জন্য বাসি খাবার সংরক্ষণ করা হচ্ছিল। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
এছাড়া লন্ড্রিগুলোকে যথাযথভাবে সেবা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে খাদ্যপণ্য বিক্রেতাদের নিরাপদ ও মানসম্মত খাবার বিক্রির বিষয়ে প্রাথমিকভাবে সতর্ক করা হয়।
অভিযান থেকে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি, ন্যায্য মূল্যে পণ্য কেনাবেচা, প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ এবং মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিষিদ্ধ পণ্য, ওষুধ ও শিশুখাদ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল। ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সমীকরণ প্রতিবেদক