দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের মাছের আড়ৎ রোডে ড্রেন নির্মাণকাজ শুরু হওয়ায় মাছের আড়ৎটি সাময়িকভাবে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে কার্পাসডাঙ্গা আশ্রয়কেন্দ্রের নিচের খালি জায়গায় অস্থায়ীভাবে মাছের কেনাবেচা চলছে। এলাকার উন্নয়ন, যাতায়াতের সুবিধা এবং পানি নিষ্কাশনব্যবস্থা উন্নত করার লক্ষ্যে মাছের আড়ৎ রোডে ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে। নির্মাণকাজ চলাকালে ব্যবসায়ী ও ক্রেতাদের কেনাবেচায় ভোগান্তি কমাতে আড়ৎটি সাময়িকভাবে অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সভাপতি আলমগীর রাসেল জানান, বাজারের উন্নয়নকাজ চলমান রয়েছে। মাছের আড়ৎ রোডে ড্রেন নির্মাণের সময় রাস্তার ক্ষতি এড়াতে এবং নির্মাণকাজ নির্বিঘ্ন রাখতে আড়ৎটি সাময়িকভাবে আশ্রয়কেন্দ্রের নিচে স্থানান্তর করা হয়েছে। ড্রেন নির্মাণের কাজ শেষ হলেই আড়ৎটি আগের স্থানে ফিরিয়ে নেওয়া হবে।
এদিকে, আড়ৎ কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট মাছ ব্যবসায়ী, পাইকার ও সাধারণ ক্রেতাদের আশ্রয়কেন্দ্রের নিচে অস্থায়ীভাবে পরিচালিত বাজারে এসে কেনাবেচা করার অনুরোধ জানানো হয়েছে। উন্নয়নকাজের স্বার্থে সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে এবং বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের সহযোগিতা কামনা করেছে।
প্রতিবেদক কার্পাসডাঙ্গা