চুয়াডাঙ্গা সদর উপজেলায় মাদক বিরোধী অভিযানে তিনজনকে গ্রেপ্তারের পর সামারি ট্রায়াল আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার এসআই অভিজিৎ সিংহ রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল ঈদগাহ পাড়ার কবরী রোডের দক্ষিণ মাথায় পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার সাতগাড়ি নতুনপাড়ার মো. রাকিবুল ইসলাম রাকিব (২১), মো. আবির শেখ (২৩) ও মো. হাসিবুর রহমান হাসিব (২৩)। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তল্লাশি করে রাকিবুল ইসলাম রাকিবের পরিহিত জিনসের প্যান্টের পেছনের ডান পকেট থেকে খবরের কাগজে মোড়ানো দুই গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ২০০ টাকা। জিজ্ঞাসাবাদে আবির শেখ মাদক সেবনের কথা স্বীকার করেন বলে পুলিশ জানায়।
অপরদিকে, হাসিবুর রহমান হাসিব তাঁদের মাদক সংগ্রহ করে দেওয়ার পাশাপাশি মাঝেমধ্যে নিজেও মাদক সেবন করেন বলে স্বীকার করেছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। পরে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা নিয়ে সামারি ট্রায়াল প্রসিকিউশনের জন্য আদালতে পাঠানো হয়।
আদালত রাকিবুল ইসলাম রাকিবকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। আবির শেখকে মাদক সেবনের অপরাধে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মাদক সংগ্রহ করে দেওয়ার অপরাধে তৃতীয় আসামি হাসিবুর রহমান হাসিবকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক