শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে জীবননগর উপজেলার সীমান্তবর্তী তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম, পিবিজিএম, পিএসসি। গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত তিনি উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শিয়ালমারী সার্বজনীন দুর্গামন্দির, উথলী দাসপাড়া সার্বজনীন দুর্গামন্দির এবং উথলী কর্মকারপাড়া সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিজিবি অধিনায়ক পূজামণ্ডপগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি পূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। বিজিবি অধিনায়ক বলেন, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবে। পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা বজায় রাখতেও বিজিবি বদ্ধপরিকর বলে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্বস্ত করেন। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এ তথ্য জানান।
সমীকরণ প্রতিবেদক