জীবননগরে পারিবারিক কলহের জেরে কীটনাশক পান করার প্রায় ১০ দিন পর শিল্পী খাতুন (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে নিজ বাড়িতে তিনি মারা যান। শিল্পী খাতুন জীবননগর উপজেলার মৃগমারী গ্রামের সাজ্জাদ হোসেনের স্ত্রী এবং একই গ্রামের মিজা সর্দারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের একপর্যায়ে প্রায় ১০ দিন আগে পরিবারের অজান্তে ঘরে রাখা কীটনাশক পান করেন শিল্পী খাতুন। পরে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে গত রোববার তাকে বাড়িতে নিয়ে আসা হয়। তবে সোমবার দুপুরে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন।
শিল্পীর ভাই হাসানুজ্জামান জানান, বোনকে বিভিন্ন হাসপাতালে নিয়ে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়েছিল। চিকিৎসকরা অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। গতকাল সোমবার আসরের নামাজের পর জানাজা শেষে মৃগমারী পশ্চিমপাড়া কবরস্থানে শিল্পী খাতুনের দাফন সম্পন্ন হয়।
জীবননগর অফিস