মঙ্গলবার, ৪ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ‘অদম্য জুলাই’ শীর্ষক ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি
  • আপলোড তারিখঃ ০৪-০৮-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় ‘অদম্য জুলাই’ শীর্ষক ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ইসলামী ছাত্রশিবির। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটায় ‘অদম্য জুলাই’ ব্যানারে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে জেলা শহরের টাউন ফুটবল মাঠ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বড় বাজারের শহিদ হাসান চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সংগঠনটির নেতা-কর্মীরা জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবি জানান।


এসময় সমাবেশে জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মহসিন ইমদাদুল্লাহ জামেন বলেন, ‘৩৬ জুলাই যদি এই বাংলার জমিনে না হতো, তাহলে তারেক রহমান আপনি প্রধানমন্ত্রী হতে পারতেন না। এই জুলাই হয়েছে বলে খালেদা জিয়ার জানাজা এই দেশে হয়েছে। এই জামায়াত-শিবিরের চামড়া তুলতে গিয়ে তাদের দিল্লিতে পালাতে হয়েছে। জামায়াতের ছাত্রশিবিরের তাড়াতে গিয়ে আপনাদের এই দেশ থেকে বিদায়ের ঘণ্টা যেন বাজাতে না হয়। সেই ব্যাপারে সর্তক থাকবেন। তাই এখনি বিএনপি সরকারকে আহ্বান করছি, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করুন।’


জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে এবং আন্দোলনের চেতনা বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর করতে হবে। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়নেরও দাবি জানাছি। জুলাইকে মুছে ফেলার চেষ্টা করলে আবারও একটা জুলাই হবে এই দেশে। বর্তমান সরকার স্বৈরাশাসনের পথে হাটছে। তারা ফ্যাসিস্ট হতে চায়। এই দেশে আর কোনো ফ্যাসিস্ট দলের জায়গা নেই। জনগণের রায় বাস্তবায়ন করুন, তা না হলে আপনারাও ওই পলাতক স্বৈরাশাসক দল আওয়ামী লীগের মতো অবস্থা হবে। তাই গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানাছি।’


সংগঠনের সেক্রেটারি মাসুম বিল্লাহ বলেন, ‘জুলাই আন্দোলনে যে সকল ভাইদের হত্যা করা হয়েছে, সেই সব হত্যাকারীদের এখনো বিচার কার্যকর হয়নি। জুলাই আন্দোলনের দুই বছর হয়ে গেল। অথচ এই বর্তমান সরকার জুলাই হত্যাকারীদের বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি। আর কোনো হেলাফেলা চলবে না। খুব দ্রুত বিচার চাই।’ মিছিল ও সমাবেশে জেলা, উপজেলা, পৌর এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রশিবির ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে ‘গানে গানে জুলাই’ শীর্ষক আলোচনা সভা