দামুড়হুদা মডেল থানা পুলিশ পৃথক অভিযানে গাঁজাসহ এক যুবককে আটক করেছে। একই দিনে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার এজাহারভুক্ত এক আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। আটকরা হলেন- দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামের ইনামুল হকের ছেলে সজিব আহমেদ (১৯) এবং আলমডাঙ্গা উপজেলার খুদিয়াখালী গ্রামের আসাবুলের ছেলে হৃদয় খান (১৯)।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক নির্দেশনা এবং দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিনের তত্ত্বাবধানে গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে এসআই (নিরস্ত্র) পবিত্র মণ্ডলের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সুবলপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সজিব আহমেদকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে জিন্সের প্যান্টের পকেট থেকে তিন গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গতকাল রোববার তাকে সংক্ষিপ্ত বিচারের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে আদালত তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
এদিকে, একই দিনে এসআই (নিরস্ত্র) প্রদীপ বিশ^াসের নেতৃত্বে বিষ্ণুপুর পুলিশ ক্যাম্পের একটি দল নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(খ) ধারায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি হৃদয় খানকে আলমডাঙ্গা উপজেলার খুদিয়াখালী এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিবেদক দামুড়হুদা