দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামে অভিযান চালিয়ে ৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে দামুড়হুদা মডেল থানা-পুলিশ। পরে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) শেষে আদালত তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওস)ি শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে এসআই প্রদীপ বিশ্বাসের নেতৃত্বে গতকাল বুধবার রাত ৯টার দিকে বিষ্ণুপুর গ্রামের মাঝেরপাড়ায় স্বপনের রিং স্ল্যাব কারখানার পাশে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে মাদক সেবন করে স্থানীয়দের সঙ্গে অশোভন আচরণ ও গালিগালাজ করার অভিযোগে তিনজনকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে ইকরামিন ওরফে পলাশ (২৪), হাবিবুর বাশার ওরফে রাহুল (১৯) এবং শাহাপরান ইসলাম (২১) এর কাছ থেকে একটি করে মোট ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে ইয়াবাগুলো জব্দ করা হয়।
পরবর্তীতে আটক ব্যক্তিদের সংক্ষিপ্ত বিচারের জন্য চুয়াডাঙ্গা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালতে) হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, মাদকসহ তিন জনকে গ্রেপ্তার করে গতকালই তাদেরকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সমর্পণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে পুলিশের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিবেদক দামুড়হুদা