শনিবার, ১ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা-পরানপুর মহাসড়কে শুকনো গাছের ডালে দুর্ঘটনার আশঙ্কা, দ্রুত অপসারণের দাবি

  • আপলোড তারিখঃ ৩১-০৭-২০২৬ ইং
দর্শনা-পরানপুর মহাসড়কে শুকনো গাছের ডালে দুর্ঘটনার আশঙ্কা, দ্রুত অপসারণের দাবি

দর্শনা-পরানপুর মহাসড়কের দর্শনা চটকাতলা এলাকায় রাস্তার পাশের পুরোনো কড়ই গাছের শুকনো ডাল ভেঙে পড়ায় জনসাধারণ ও যানবাহন চলাচলে চরম ঝুঁকির সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত শুকনো ডাল অপসারণের দাবি জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিটিশ আমলে রোপণ করা চটকাতলা এলাকার ৯টি কড়ই গাছের বড় বড় ডাল শুকিয়ে গেছে। প্রায়ই এসব শুকনো ডাল ভেঙে মহাসড়কের ওপর পড়ছে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


এর আগে একটি বড় ডাল ভেঙে স্থানীয় ইসরাফিল হোসেনের চায়ের দোকানের ওপর পড়ে। তবে সৌভাগ্যবশত সে সময় দোকানে থাকা লোকজন অল্পের জন্য প্রাণে রক্ষা পান। দর্শনা চটকাতলা সড়কটি দিয়ে প্রতিদিন দর্শনা থানা, দর্শনা পৌরসভা, দর্শনা সরকারি কলেজ, দর্শনা বালিকা বিদ্যালয়, পুরাতন বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ পরানপুর হয়ে চুয়াডাঙ্গা মহাসড়কে যাতায়াত করেন। ফলে শুকনো ডাল ভেঙে পড়ার কারণে পথচারী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।


স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়টি লিখিতভাবে চুয়াডাঙ্গা জেলা পরিষদকে অবহিত করা হয়েছে। জেলা পরিষদের কর্মকর্তারা গাছগুলো পরিদর্শন ও চিহ্নিত করলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র বলেন, বিষয়টি সম্পর্কে অবগত রয়েছি। এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

দামুড়হুদার জয়রামপুর তালপুকুরে ডুবে শিশুর মৃত্যু