জীবননগর উপজেলার খয়েরহুদা রিফিউজি পাড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে জীবননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত তরিকুল ইসলাম (৩০)।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার বেলা ১০টার দিকে খয়রহুদা আবাসন প্রকল্প সংলগ্ন এলাকায় জমি মাপজোকের সময় জমির সীমানা নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এসময় খয়রহুদা রিফিউজি পাড়ার ইব্রাহিম মল্লিকের দুই ছেলে আব্দুর রহমান (৬০) ও মজিরুল ইসলাম (৪০), আব্দুর রহমানের পুত্র আব্দুর রহিম (৩৮) এবং মজিরুলের ছেলে মুন্না মিয়া (২০) তাদের জমি দখলের চেষ্টা করলে তিনি ও তাঁর বাবা আমির হোসেন প্রতিবাদ জানান। এতে ক্ষুব্ধ হয়ে তারা তাদের জমিতে প্রবেশ করে প্রাণনাশের হুমকি দিয়ে বাঁশের লাঠিসোটা দিয়ে মারধর করে। এসময় তরিকুল ইসলাম ও তাঁর বাবা আমির হোসেন আহত হন।
অভিযোগে আরও বলা হয়, মুন্না মিয়া আমির হোসেনের মুখে ঘুষি মারলে তিনি রক্তাক্ত হন। তাদের ডাক-চিৎকারে স্থানীয় কয়েকজন ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করেন। পরে তারা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
ভুক্তভোগীরা জানান, ঘটনার পরও অভিযুক্তরা তাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। এ বিষয়ে তিনি জীবননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের মুঠোফোনে বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, এ বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্তপূর্বক পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জীবননগর অফিস