দর্শনায় শান্তিনগর উইলস ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোমাঞ্চকর এই ফাইনালে টাইব্রেকারে মানিক স্পোর্টিং ক্লাবকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এম আর স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ের খেলায় উভয় দল ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচের ফল নির্ধারণে ট্রাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। সেখানে এম আর স্পোর্টিং ক্লাব ৪-২ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে শিরোপা নিজেদের করে নেয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য ও মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম, জেলা জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, যুবদল নেতা রাসেল আহমেদ ও নাসিম আহমেদ, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা নান্নু খান, হুমায়ুন, ওয়াসিম, আব্দুল হান্নান, করিম মিয়া, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম বিদ্যুৎ, দর্শনা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুসাইনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া অঙ্গনের নেতৃবৃন্দ।
খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা চ্যাম্পিয়ন এম আর স্পোর্টিং ক্লাব এবং রানার্সআপ মানিক স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে মো. মশিউর রহমান বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর মাধ্যম। তরুণদের হাতে মাদক নয়, খেলাধুলার উপকরণ তুলে দিতে হবে। দর্শনাকে একটি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত, নিরাপদ ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে শুধু পুলিশের পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক এবং সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। যুবসমাজকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রাখতে পারলে তারা মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে থাকবে।’
অনুষ্ঠানের শেষে বক্তারা দর্শনাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
দর্শনা অফিস