জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর মাঠে রাতের আঁধারে চারটি বৈদ্যুতিক সেচ পাম্পের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের মধ্যে যাদবপুর গ্রামের মৃত আব্দুল ওহাব বিশ্বাসের ছেলে আবু জাফরের সেচ পাম্পের তিনটি এবং একই ইউনিয়নের কয়া গ্রামের আনার আলীর সেচ পাম্পের একটি ট্রান্সফরমার চুরি হয়েছে।
ভুক্তভোগীরা জানান, গতকাল শুক্রবার সকালে মাঠে গিয়ে সেচ পাম্পের ট্রান্সফরমারগুলো না দেখে তাদের সন্দেহ হয়। পরে আশপাশে খোঁজাখুঁজির পর নিশ্চিত হন, দুর্বৃত্তরা রাতের আঁধারে ট্রান্সফরমারগুলো খুলে নিয়ে গেছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, চলতি সেচ মৌসুমে এ ধরনের চুরির ঘটনায় সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তারা দ্রুত চোরদের শনাক্ত, চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধার এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, ট্রান্সফরমার চুরির বিষয়টি উদ্বেগজনক। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জীবননগর অফিস