রবিবার, ২৬ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার মাখালডাঙ্গায় তিন মাস আগের বাল্যবিয়ের ঘটনা

কনের অভিভাবককে ১০ হাজার টাকা জরিমানা
  • আপলোড তারিখঃ ০৩-০৭-২০২৬ ইং
চুয়াডাঙ্গার মাখালডাঙ্গায় তিন মাস আগের বাল্যবিয়ের ঘটনা

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নে তিন মাস আগে সম্পন্ন হওয়া একটি বাল্যবিবাহকে কেন্দ্র করে আয়োজিত সামাজিক অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনের অভিভাবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন জানতে পারে, মাখালডাঙ্গা ইউনিয়নের একটি বাড়িতে বাল্যবিবাহ উপলক্ষে খাওয়া-দাওয়ার আয়োজন চলছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্রের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।


তদন্তে জানা যায়, বিয়েটি প্রায় তিন মাস আগে সম্পন্ন হয়েছিল। শুক্রবার ওই বিয়েকে কেন্দ্র করে সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ঘটনাস্থলে বরপক্ষের কাউকে পাওয়া না যাওয়ায় কনের বাবা-মায়ের বিরুদ্ধে বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত তাদের ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন এবং ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কর্মকাণ্ডে জড়াবেন না- এ মর্মে সতর্ক করে দেন।


ইউএনও তিথি মিত্র বলেন, বাল্যবিবাহ নিরোধ আইনে এ ধরনের ঘটনায় সর্বোচ্চ দুই বছর পর্যন্ত শাস্তির বিধান রয়েছে। তদন্তে বাল্যবিবাহের সত্যতা পাওয়ায় কনের অভিভাবকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বাল্যবিবাহ শুধু আইন লঙ্ঘন নয়, এটি একটি গুরুতর সামাজিক সমস্যা। এর ফলে কিশোরীদের শিক্ষা ব্যাহত হয়, অল্প বয়সে মাতৃত্বের কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়ে এবং পারিবারিক নানা জটিলতা সৃষ্টি হয়। তাই কোনোভাবেই বাল্যবিবাহকে প্রশ্রয় দেওয়া হবে না।


ইউএনও বলেন, মেয়েদের শিক্ষা নিশ্চিত করে দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোথাও বাল্যবিবাহের তথ্য পাওয়া গেলে দ্রুত প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।


উপজেলা প্রশাসন জানিয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হবে। শিশু-কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এ বিষয়ে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

প্রেসিডেন্ট নির্বাচনে তাড়াহুড়া নয়