জীবননগরে অবৈধভাবে তীর ব্র্যান্ডের গমের ভূষি তৈরি ও বাজারজাত করার দায়ে শাহীন ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জীবননগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে কীটনাশক ও ভূষির বাজার তদারকি করা হয়।
অভিযান চলাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় অবৈধভাবে তীর গমের ভূষি তৈরি ও বাজারজাত করার প্রমাণ পাওয়ায় মো. সাইফুল হকের মালিকানাধীন জীবননগর চ্যাংখালীরোডে মেসার্স শাহীন ট্রেডার্সকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এসময় ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের পণ্য, ওষুধ এবং বীজ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জীবননগর থানা পুলিশের একটি দল। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
জীবননগর অফিস