আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার এরশাদপুর গ্রামে এবং গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে মাদারহুদা গ্রামে পৃথক অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে সোহাগ (৩০) এবং জেহালা ইউনিয়নের মাদারহুদা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে পাপ্পু (২৬)।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় চুয়াডাঙ্গা জেলায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে আলমডাঙ্গা থানার এসআই শাহরিয়ার হুসাইন রুবেল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। গোপন সংবাদের ভিত্তিতে এরশাদপুর মসজিদপাড়া এলাকায় পারভেজের বাড়ির সামনে পাকা সড়ক থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, এসআই শোভন কুমার কুণ্ডু সঙ্গীয় ফোর্স নিয়ে মাদারহুদা গ্রামের পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে নেকবার আলীর মুদি দোকানের সামনে থেকে পাপ্পুকে তিন গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেন। মঙ্গলবার গ্রেপ্তার দুই আসামিকে চুয়াডাঙ্গা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) মো. মোস্তফা কামালের আদালতে হাজির করা হলে শুনানি শেষে রায় ঘোষণা করা হয়।
রায়ে সোহাগকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই আইনে পাপ্পুকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
আলমডাঙ্গা অফিস