‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় হতে বের হয়ে শহরের কোর্ট মোড় প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বি.এম. তারিক-উজ-জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শারিমন আক্তার। এসময় তিনি বলেন, একটি শিশুর শৈশব কখনোই শ্রমের ভারে ন্যুব্জ হতে পারে না। শিশুর অধিকার নিশ্চিত করতে শিক্ষা, নিরাপদ পরিবেশ ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিশুশ্রমের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, শিশুশ্রম নির্মূলে সরকারের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। এভাবেই একটি সুস্থ, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি শিশুর স্থান কর্মস্থলে নয়, বিদ্যালয়ে। শিশুশ্রম একটি সামাজিক ব্যাধি এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। প্রতিটি শিশুর জন্য নিরাপদ শৈশব, মানসম্মত শিক্ষা ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে পরিবার, সমাজ, নিয়োগকর্তা ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গড়ে তোলা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সমগ্র সমাজের দায়িত্ব।
বক্তারা আরও বলেন, আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে শিশুশ্রম বিরোধী সচেতনতা কার্যক্রমকে শুধু দিবসভিত্তিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা বছরব্যাপী প্রচার-প্রচারণা, কার্যকর আইন প্রয়োগ এবং সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে এগিয়ে নিতে হবে।
সভায় জানানো হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে বর্তমানে প্রায় ৩৫ লাখ ৪০ হাজার শিশু বিভিন্ন ধরনের শ্রমে নিয়োজিত রয়েছে। এর মধ্যে প্রায় ১৭ লাখ ৮০ হাজার শিশু ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত, যা তাদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের জন্য মারাত্মক হুমকি। বক্তারা বলেন, শিশুশ্রম শুধু শিক্ষার অধিকারকে বাধাগ্রস্ত করে না, বরং দেশের টেকসই উন্নয়নের পথেও বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দীন আহমেদ, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক দীপক কুমার সাহা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিন্দ্র কুমার মণ্ডল, টিটিসির অধ্যক্ষ মোছাবেরুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মণ্ডল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
এদিকে, বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মেহেরপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায়।
সভায় শিশু শ্রম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, শিশুদের শিক্ষা নিশ্চিতকরণ এবং ঝুঁকিপূর্ণ শ্রম থেকে তাদের সুরক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক (স্বাস্থ্য) আবুল হাসেম এবং সিডিপির কো-অর্ডিনেটর জন পি বিশ্বাস।
এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলামের নেতৃত্বে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালিতে অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইস্তামুল হক, শাকির আহমেদ ও ফারুকুল ইসলাম, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেম, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আক্তার হোসেন, উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম, সিডিপির কো-অর্ডিনেটর জন পি বিশ্বাসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন।
সমীকরণ প্রতিবেদক