দর্শনা থানা-পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে মাদকমুক্ত সমাজ গঠনে সবার সহযোগিতা কামনা করেন। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর বড় মসজিদের সামনে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধী সমাজের প্রতিনিধিসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
পথসভায় ওসি মো. নজরুল ইসলাম বলেন, ‘মাদকমুক্ত সমাজ গঠনের জন্য যা যা প্রয়োজন, আমি আপনাদের পাশে আছি। প্রতিদিনই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযানে কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন, তাহলে মাদকমুক্ত দর্শনা গড়ে তোলা সম্ভব হবে।’
তিনি আরও বলেন, মাদক প্রতিরোধে শুধু পুলিশের অভিযানই যথেষ্ট নয়, সামাজিক প্রতিরোধও গড়ে তুলতে হবে। প্রত্যেক মহল্লা ও গ্রামে জনগণকে সচেতন হতে হবে এবং মাদকের বিরুদ্ধে সম্মিলিতভাবে অবস্থান নিতে হবে। ওসি নজরুল ইসলাম জানান, দর্শনা থানা এলাকায় নিয়মিত সচেতনতামূলক পথসভা, উঠান বৈঠক ও মতবিনিময় সভা অব্যাহত থাকবে। সীমান্তবর্তী দর্শনা এলাকাকে মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধমুক্ত রাখতে সাংবাদিক, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন প্রেসক্লাব, সুধী সমাজ ও স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের প্রতিটি মানুষ এগিয়ে এলে মাদকের বিস্তার রোধ করা সম্ভব হবে।
দর্শনা অফিস