দর্শনায় ঘন ঘন লোডশেডিং, বিদ্যুৎ সরবরাহে বৈষম্য এবং কথিত ‘ভুতুড়ে বিলের’ প্রতিবাদে দর্শনা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতা-কর্মীরা। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে দর্শনা পল্লী বিদ্যুতের এজিএম কার্যালয়ে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়ে সাত দিনের আল্টিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সতর্ক করেন বিএনপি নেতারা।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি শিল্পনগরী দর্শনায় প্রতিনিয়ত ঘন ঘন লোডশেডিংয়ের কারণে শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে অনেক গ্রাহক অতিরিক্ত বা ‘ভুতুড়ে বিলের’ কারণে আর্থিক ক্ষতি ও হয়রানির শিকার হচ্ছেন।
দর্শনা পল্লী বিদ্যুতের এজিএম মো. আমিনুল ইসলাম বলেন, ‘দর্শনা ও জীবননগর এলাকার মোট বিদ্যুতের চাহিদা ১৯ মেগাওয়াট হলেও আমরা জাতীয় গ্রিড থেকে মাত্র ১১ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছি। এর মধ্যে দর্শনা জোনে ৪ মেগাওয়াট এবং জীবননগর জোনে ৭ মেগাওয়াট সরবরাহ করা হচ্ছে। এ কারণেই লোডশেডিং এড়ানো সম্ভব হচ্ছে না।’
চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সাবু তরফদার বলেন, ‘দর্শনা একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এখানে রাষ্ট্রীয় মালিকানাধীন কেরু অ্যান্ড কোম্পানি, আন্তর্জাতিক রেলওয়ে, কাস্টমস ও ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে, যেখান থেকে সরকার বিপুল রাজস্ব পায়। অথচ বিদ্যুৎ সরবরাহে বৈষম্যের কারণে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে এবং রাষ্ট্রীয় রাজস্বও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘একই সঙ্গে ভুতুড়ে বিল দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। এসব সমস্যার সমাধানে দর্শনা পৌর বিএনপির উদ্যোগে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহের বৈষম্য দূর এবং ভুতুড়ে বিলের সমস্যা সমাধান না হলে বিএনপি বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে।’
এ বিষয়ে দর্শনা পল্লী বিদ্যুতের এজিএম মো. আমিনুল ইসলাম বলেন, ‘সমস্যাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে। কোনো গ্রাহকের বিদ্যুৎ বিলে ভুল থাকলে তিনি অফিসে আবেদন করলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক মো. মাহবুবুল ইসলাম খোকন, সাবেক দর্শনা পৌর প্যানেল মেয়র ও পৌর বিএনপির সমন্বয়ক মো. শরিফ উদ্দিন, পৌর বিএনপির সমন্বয়ক নাহারুল ইসলাম মাস্টার, নাসির উদ্দিন খেদু, দর্শনা পৌর যুবদলের সদস্যসচিব মো. জালাল উদ্দিনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
দর্শনা অফিস