জীবননগর পৌর শহরের তিন নম্বর ওয়ার্ড ইসলামপুর এলাকায় এক নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে জীবননগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শ্রীমতি কামনা বালা।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, শিশুদের মধ্যে সৃষ্ট বিরোধের জেরে গতকাল রোববার বিকেলে একই এলাকার সুরুজ মোল্লার বাড়িতে গেলে আলমগীর হোসেনের ছেলে আরিফুল ইসলাম (২২), আবু বক্কা (৬৫), জাকির হোসেন (৫৫) ও আলমগীরের স্ত্রী মধুমালা (৪৮) কোনো কথা না শুনে তাকে বেধড়ক পেটাতে থাকেন। এতে তার শরীরের পোশাক ছিঁড়ে গেলেও তিনজন পুরুষ তার মাথার চুল টানতে টানতে বাইরে নিয়ে এসে গিয়ে শরীরে লাথি মারতে থাকেন। একপর্যায়ে তাকে টানা-হেঁচড়া করে শ্লীলতাহানি করা হয়।
অভিযোগে আরও বলা হয়, গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভুক্তভোগী কামনা বালা বলেন, আমরা হিন্দু সম্প্রদায়। আমরা মাত্র দুই-এক ঘর সেখানে বসবাস করি। কিন্তু আমার প্রতিবেশী জাকির হোসেন ও তার পরিবারের সদস্যরা প্রায় ছোট ছোট বিষয় নিয়ে আমাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করে। এমনকি কোনো কথা না শুনে প্রায় মারতে আসে। যেহেতু আমরা সংখ্যালঘু, তাই আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে অভিযুক্তদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়াও বিষয়টি তদন্তপূর্বক পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জীবননগর অফিস