সোমবার, ২৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দুই বছর পর সরোজগঞ্জ-খাসকররা সড়ক সংস্কার শুরু

স্বস্তি ফিরছে জনসাধারণের মাঝে
  • আপলোড তারিখঃ ২৯-০৬-২০২৬ ইং
দুই বছর পর সরোজগঞ্জ-খাসকররা সড়ক সংস্কার শুরু

দীর্ঘ দুই বছর পর অবশেষে নতুন রূপে ফিরছে চুয়াডাঙ্গা সদর উপজেলার গুরুত্বপূর্ণ সরোজগঞ্জ-খাসকররা সড়ক। দীর্ঘদিন বেহাল হয়ে পড়ে থাকা এ সড়কের সংস্কারকাজ পুনরায় শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন জটিলতার কারণে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সড়কটির সংস্কারকাজ বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘ সময় ধরে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, ভাঙাচোরা অংশ এবং ক্ষতিগ্রস্ত সেতুর কারণে যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবীসহ হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।


দীর্ঘদিন ধরে সংস্কারকাজ বন্ধ থাকায় অনেকেই আশঙ্কা করেছিলেন, গুরুত্বপূর্ণ এ সড়কের কাজ হয়তো আর শেষ হবে না। তবে সেই আশঙ্কার অবসান ঘটিয়ে বর্তমানে সড়ক ও সেতুর নির্মাণকাজ পুরোদমে এগিয়ে চলছে। নতুনভাবে সড়ক নির্মাণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত সেতুর সংস্কারকাজও দ্রুতগতিতে সম্পন্ন করা হচ্ছে।


স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের ভোগান্তির পর অবশেষে কাজ শুরু হওয়ায় তারা স্বস্তি ফিরে পেয়েছেন। তবে তারা চান, নির্মাণকাজে সর্বোচ্চ মান নিশ্চিত করা হোক এবং কোনো ধরনের অনিয়ম, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার বা সরকারি অর্থের অপচয় যেন না হয়।


স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, ‘রাস্তার কাজে কোনো ধরনের ফাঁকি দেওয়া যাবে না। খোয়া, পাথর, রড, সিমেন্টসহ সব নির্মাণসামগ্রী যেন নির্ধারিত মান অনুযায়ী ব্যবহার করা হয়। আমরা একটি টেকসই ও মানসম্মত সড়ক চাই, যাতে অল্পদিনের মধ্যেই আবার সংস্কারের প্রয়োজন না পড়ে।’


স্থানীয় ব্যবসায়ীরাও বলেন, সড়কটি সংস্কার হলে পণ্য পরিবহন সহজ হবে, সময় ও খরচ কমবে এবং এলাকার ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল হবে। একই সঙ্গে কৃষকরাও সহজে তাদের উৎপাদিত ফসল বাজারে নিতে পারবেন।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে কিশোরকে নির্যাতনের অভিযোগ