দামুড়হুদা মডেল থানা-পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধারসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মুক্তারপুর গ্রামের মাঝেরপাড়ায় তাদের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মুক্তারপুর গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে জামাত আলী (৫৫) এবং তার স্ত্রী আশাফন নেছা (৪৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিনের নির্দেশনায় এসআই মাহাবুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় দম্পতির শয়নকক্ষ তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৪৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ করে দম্পতিকে আটক করা হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন বলেন, “মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”
প্রতিবেদক দামুড়হুদা