শুক্রবার, ২৬ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিএনপির বৃক্ষ বিতরণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সহস্রাধিক চারা বিতরণ

পরিবেশ রক্ষায় সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান
  • আপলোড তারিখঃ ২৬-০৬-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় বিএনপির বৃক্ষ বিতরণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সহস্রাধিক চারা বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী বৃক্ষায়ন কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদাহ সোহরাওয়ার্দী উচ্চবিদ্যালয় ও ডিঙ্গেদাহ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সহস্রাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ।


এসময় তিনি বলেন, ‘প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বৃক্ষের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের কারণে সারা বিশ্ব আজ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছে। বাংলাদেশও এর বাইরে নয়। তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, নদীভাঙন ও পরিবেশ দূষণের মতো সমস্যাগুলো দিন দিন প্রকট আকার ধারণ করছে। এসব সংকট মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি মানুষের জন্য অক্সিজেন সরবরাহ করে, খাদ্য দেয়, ছায়া দেয় এবং অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’


শরীফুজ্জামান আরও বলেন, ‘তারেক রহমান যে বৃক্ষায়ন কর্মসূচির আহ্বান জানিয়েছেন, তা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগ। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করতে হবে। আজ যারা একটি করে গাছের চারা গ্রহণ করছো, তোমাদের দায়িত্ব হবে সেই গাছটি যত্ন নিয়ে বড় করা। একটি গাছ রোপণ মানে একটি জীবনের সুরক্ষা, একটি সুন্দর ভবিষ্যতের ভিত্তি তৈরি করা। আমরা চাই প্রতিটি পরিবার, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রতিটি সামাজিক সংগঠন বৃক্ষরোপণে এগিয়ে আসুক। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে চুয়াডাঙ্গাসহ সারা দেশকে আরও সবুজ ও বাসযোগ্য করে তোলা সম্ভব।’


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম রুবেল, শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন, ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল হাই, যুগ্ম সম্পাদক রুহুল কুদ্দুস পঁচা, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিবসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।


অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মধ্যেও পর্যায়ক্রমে বৃক্ষের চারা বিতরণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন