আলমডাঙ্গা রেলস্টেশনের পাশে বন্ডবিল ফোকোটের সামনে আবারও চুরি সংঘটিত হয়েছে। গত মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাতে পরপর তিনটি দোকানে চুরি হয়েছে। এর মধ্যে ফোকোটের সামনে তারিকুল ইসলামের ওয়েল্ডিং দোকানে গভীর রাতে চুরি হয়। দোকানের পেছনের টিন কেটে চোরচক্র প্রবেশ করে ৩টি ওয়েল্ডিং মেশিন, ২ বান্ডিল তামার তারসহ ৩৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। তারিকুল ইসলামের পাশের চায়ের দোকান ভেঙে মালামাল চুরি করেছে।
গত ১০ দিনে ১২টি দোকানে এভাবেই একের পর এক চুরি হয়েই চলেছে। বিভিন্ন পত্রপত্রিকা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় খবর প্রকাশিত হওয়ার পরেও প্রশাসনের টনক নড়েনি। তাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়েনি। এমনকি পুলিশি টহল জোরদার করা হয়নি। চুরি হওয়া দোকানগুলো থেকে তথ্য সংগ্রহ করে কোনো তদন্তের পদক্ষেপ চোখে পড়ার মতো কিছুও নেই। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এভাবে একের পর এক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। আলমডাঙ্গাবাসী ও ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা প্রশাসনের কাছে চোর সিন্ডিকেট চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। সাধারণ ব্যবসায়ীরা যেন নিরাপদে ও স্বস্তিতে তাদের ব্যবসা পরিচালনা করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের শক্ত অবস্থান কামনা করেছেন আলমডাঙ্গা বণিক সমিতিসহ সকল ব্যবসায়ী সংগঠন।
আলমডাঙ্গা অফিস