জীবননগর পৌরসভা এবং রেজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট, এলজিইডির আয়োজনে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগ উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জীবননগর পৌরসভার সভাকক্ষে জীবননগর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের সভাপতিত্ব এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল বলেন, শহর উন্নয়ন কর্মকাণ্ডে নাগরিক সম্পৃক্ততার বিষয়টি এই প্রকল্পে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে উন্নয়ন কাজ বাস্তবায়ন একটি ইতিবাচক দৃষ্টান্ত। জীবননগর পৌরসভার সার্বিক উন্নয়নে শহরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করি।
কর্মশালায় বক্তারা বলেন, প্রকল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে নির্বাচিত ক্লাস্টারে অবস্থিত পৌরসভা ও সিটি কর্পোরেশনে জলবায়ু সহনশীল নগর অবকাঠামো ও পরিষেবা সুমুহের পরিবৃদ্ধি করা, নগর ব্যবস্থাপনার দক্ষতা জোরদার করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্প্রসারণ, গ্রামীণ ও নগর এলাকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা। কর্মশালার মূল উদ্দেশ্য হচ্ছে পৌরসভা ও সিটি কপোরেশনগুলোর ক্লাষ্টার উন্নয়ন পরিকল্পনা, মূলধন বিনিয়োগ পরিকল্পনা এবং জলবায়ু সহনশীল কর্মপরিকল্পনা প্রণয়নে সক্ষমতা বৃদ্ধি করা, ক্লাস্টার ভিত্তিক উন্নয়ন প্রক্রিয়ায় সম্পদ ব্যবস্থাপনা, প্রকল্প সমন্বয় ও যৌথ উদ্যোগ গ্রহণের দিকনির্দেশনা প্রদান এবং অগ্রাধিকার ভিত্তিতে স্থানীয় পর্যায়ে অবকাঠামো, সেবা প্রদান ও আর্থ-সামাজিক উন্নয়নের চাহিদা চিহ্নিত করা।
কর্মশালায় উপস্থিত ছিলেন পরিবেশ বিশেষজ্ঞ মাহমুদা খাতুন, পরামর্শক নগর পরিকল্পনাবিদ তামান্না সালাম, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ হাসিবুল হক, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ তারিকুল ইসলাম প্রমুখ।
সমীকরণ প্রতিবেদক