বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির নতুন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ২৫-০৬-২০২৬ ইং
কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির নতুন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে দ্রুত নতুন ও নিয়মিত কমিটি গঠনের দাবিতে মানববন্ধন করেছেন বাজারের একাংশ ব্যবসায়ী। গতকাল বুধবার বিকেলে কার্পাসডাঙ্গা পুরাতন বাজারের ইন্দ্রামোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কার্পাসডাঙ্গা বাজারের বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী মো. আমির হোসেন ও মো. ইব্রাহিম হোসেনের নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।


মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির বর্তমান কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। সমিতির গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ দুই বছর হলেও সাড়ে তিন বছর অতিবাহিত হওয়ার পরও নতুন নির্বাচন আয়োজন করা হয়নি। নির্বাচন দেওয়ার পরিবর্তে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হচ্ছে বলে তারা দাবি করেন।


বক্তারা আরও বলেন, বর্তমান কমিটি নির্বাচিত হওয়ার কিছুদিন পর ব্যবসায়ীদের না জানিয়ে কমিটির মেয়াদ তিন বছর নির্ধারণ করে নেয়, যা সাধারণ ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছে। তারা অবিলম্বে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের দাবি জানান।


মানববন্ধনে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা বাজারের ব্যবসায়ী মো. বিল্লাল হোসেন, মো. হারুনার রশীদ, মো. আরিফুল ইসলাম, মো. শামীম হোসেন, মো. আব্দুর রহিম, এম.এ. রব, আমিনুল ইসলাম, সাইদুল ইসলাম, সাদিকুল ইসলাম, জামাল উদ্দিন, আব্দুল গাফফার, হাসিবুর রহমান, আব্দুল কাদের, আতিয়ার রহমান, ওবাইদুর রহমানসহ আরও অনেকে।


এ বিষয়ে কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সভাপতি আলমগীর রাসেল বলেন, ‘আমরাও দায়িত্ব ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। খুব শিগগিরই বাজারের সকল ব্যবসায়ীকে নিয়ে একটি সাধারণ সভা ডাকা হবে। ওই সভার মাধ্যমে বর্তমান কমিটির কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।’ উল্লেখ্য, কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সর্বশেষ দ্বিবার্ষিক নির্বাচন ২০২২ সালের ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় কমিউনিটি বেজড একটিভেশন সভা