চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবীনগর গ্রামে চার্জে থাকা অটোচার্জার গাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানিশা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তানিশা নবীনগর গ্রামের শাহিনুর রহমানের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তানিশা তার মায়ের সঙ্গে পাশের একটি বাড়িতে বেড়াতে যায়। সেখানে তার মা প্রতিবেশীদের সঙ্গে কথা বলার সময় বাড়ির আঙিনায় চার্জে লাগানো একটি ব্যাটারিচালিত অটোরিকশা রাখা ছিল। খেলার ছলে তানিশা অটোরিকশাটির ওপর উঠে যায়। একপর্যায়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তানিশার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ভিড় করেন। মাত্র দুই বছর বয়সী শিশুটির এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের মাতম শুরু হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।
শোকে ভেঙে পড়া বাবা শাহিনুর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি চায়ের দোকানে গিয়েছিলাম। কিছুক্ষণ পর এসে শুনি আমার মেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। আমার মেয়ে আর কোনোদিন আমাকে ‘বাবা’ বলে ডাকবে না। আর কোনোদিন আমার কাছে কিছু আবদার করবে না। আল্লাহ কেন আমার মেয়েটাকে এভাবে নিয়ে গেলেন, আমি জানি না।’
প্রতিবেদক সরোজগঞ্জ