বিষমুক্ত ও প্রযুক্তিনির্ভর কৃষি উৎপাদন সম্প্রসারণের লক্ষ্যে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’। ‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলা অডিটরিয়ামে এ কংগ্রেসের আয়োজন করা হয়। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র। শুরুতে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুর রহমান।
কংগ্রেসে জানানো হয়, সদর উপজেলায় ১২টি পার্টনার ফিল্ড স্কুল স্থাপন করা হয়েছে। এসব স্কুলের সদস্য ও অন্যান্য কৃষকসহ ৭০ জন কৃষককে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের বিষমুক্ত ফসল উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, পুষ্টি ব্যবস্থাপনা এবং কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল বিষয়ে দক্ষ করে তোলা হচ্ছে। এছাড়া কৃষি খাতের আধুনিকায়ন, পুষ্টি উন্নয়ন, কৃষি উদ্যোক্তা তৈরি এবং গ্রামীণ অর্থনীতির সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী বলেন, পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি ও কীটনাশক ব্যবহারের বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করছেন। তবে কৃষিজমিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার থেকে বিরত থাকতে হবে। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আবাদযোগ্য জমি সংরক্ষণ করতে হলে পরিমিত হারে সার ব্যবহার এবং জৈব সারের প্রয়োগ বাড়াতে হবে। একই সঙ্গে বিষমুক্ত ফসল উৎপাদনে গুরুত্ব দিতে হবে। কোনো ফসলে কীটনাশক প্রয়োগের ২৪ ঘণ্টার মধ্যে তা সংগ্রহ করা উচিত নয়, কারণ এতে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি, দৈনিক আজকের চুয়াডাঙ্গার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, প্রান্তিক কৃষক এবং স্থানীয় সাংবাদিকরা।
নিজস্ব প্রতিবেদক