জীবননগরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের মুনতাজ আলীর ছেলে এবং ছাত্রলীগ নেতা নাসিম হোসেন (২৫), গোয়ালপাড়া গ্রামের মৃত জগন্দ্রনাথ সরকারের ছেলে রাজু আহমেদ (৬০), একই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে রেজাউল ইসলাম (৫২) ও উপজেলা শহরের হাসপাতাল পাড়ার নুর ইসলামের ছেলে আব্দুল আউয়াল হোসেন (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার গভীর রাতে চুয়াডাঙ্গার পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে জীবননগর থানার ওসি সোলায়মান সেখের নেতৃত্বে পুলিশের পৃথক দুটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নাশকতা ও মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন পলাতক ছিল। তাদের দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।
জীবননগর অফিস