জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন এলাকায় বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত পরিচালিত এ অভিযানে মিষ্টির কারখানা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও মসলার বাজার তদারকি করা হয়।
অভিযানকালে মাখালডাঙ্গা এলাকার নাজিম উদ্দীনের মালিকানাধীন মিষ্টি তৈরির প্রতিষ্ঠান মেসার্স সৃষ্টি ডেইরিতে ফ্রিজে মেয়াদোত্তীর্ণ দই সংরক্ষণ, তৈরি মিষ্টি খোলা অবস্থায় রাখা এবং খাবারের অনুপযোগী রং সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে দ্রুত এসব অনিয়ম সংশোধনের নির্দেশনা দেওয়া হয়।
এসময় নিচের বাজার এলাকার ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য এবং শিশু খাদ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া বড় বাজার এলাকার আবদুল্লাহ সিটির দোকান মালিকদের জুতা, কাপড়সহ বিভিন্ন পণ্য যৌক্তিক মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এসময় সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। ভোক্তা অধিকার সংরক্ষণে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সমীকরণ প্রতিবেদক