শুক্রবার, ২২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় অনুমোদনবিহীন ৪০ বস্তা সার জব্দ

ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
  • আপলোড তারিখঃ ২২-০৫-২০২৬ ইং
আলমডাঙ্গায় অনুমোদনবিহীন ৪০ বস্তা সার জব্দ

আলমডাঙ্গা উপজেলায় অনুমোদনবিহীনভাবে ডিএপি সার পরিবহন ও বাজারজাতের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪০ বস্তা সার জব্দ করা হয়েছে এবং ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে| দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মো. সুমন আলী (৪০)| তিনি উপজেলার হারদী গ্রামের মৃত ঠান্ডু বিশ্বাসের ছেলে এবং হারদী বাজারের মেসার্স বিশ্বাস ট্রেডার্সের মালিক|


গতকাল বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় হারদী-মিরপুর সড়কে এ অভিযান পরিচালনা করা হয়| অভিযানে সারবোঝাই একটি আলমসাধু আটক করা হয়| পরে ৪০ বস্তা বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিসিআইসি) ডিএপি সার জব্দ করা হয়|


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আটক আলমসাধুর চালক ওসমানপুর গ্রামের মো. সিয়াম আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, হারদী বাজারের মেসার্স বিশ্বাস ট্রেডার্স থেকে সার বোঝাই করে প্রাগপুর এলাকার এক ব্যবসায়ীর দোকানে পৌঁছে দেওয়ার নির্দেশ ছিল তার কাছে| তিনি এ সংক্রান্ত একটি বিক্রয় মেমোও দেখান| পরবর্তীতে উপজেলা কৃষি অফিসের অনুসন্ধানে জানা যায়, যথাযথ অনুমোদন ছাড়াই সার বিক্রয় ও পরিবহন কার্যক্রম পরিচালিত হচ্ছিল বলে নিশ্চিত করা হয়|


এ ঘটনায় মেসার্স বিশ্বাস ট্রেডার্সের মালিক মো. সুমন আলীকে সার ব্যবস্থাপনা আইন (সংশোধন), ২০১৮-এর ১২(১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১২(৩) ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়| ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম| অভিযানে আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মো. সাইফুল্লাহ মাহমুদ ও মো. উদয় রহমান উপস্থিত ছিলেন| কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা জানান, জব্দকৃত সার সাধারণ কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করে সরকারি কোষাগারে অর্থ জমা করা হবে|



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা থেকে ট্রেনে ওঠার পর দুই সন্তানসহ নিখোঁজ গৃহবধূ