পাখিভ্যান চুরি করে পালিয়ে যাওয়ার সময় দুই চোরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন গ্রামবাসী। গতকাল শনিবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি এলাকার বাটিকাডাঙ্গায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রতিবন্ধী ভ্যানচালককে বোকা বানিয়ে ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুই চোরকে আটক করা হয়। পরে তাদের প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখে উৎসুক জনতা।
এ বিষয়ে ভ্যানচালক ইদ্রীস আলী জানান, রায়পুর থেকে দুই ব্যক্তি তার ভ্যানে ওঠে। পরে ঝিনাইদহ জেলার চুয়াডাঙ্গা বাজারে পৌঁছালে তারা তাকে দোকান থেকে বিড়ি কিনতে পাঠায়। এ সুযোগে ভ্যান নিয়ে দু’জন সটকে পড়ে। এরপর বাজারে থাকা কয়েকজনকে বিষয়টি জানালে তারা তাৎক্ষণিক মোটরসাইকেল নিয়ে ধাওয়া দেন। পরে বাটিকাডাঙ্গা-সুজায়েতপুর সড়কে দুই চোরকে আটক করা হয়। স্থানীয় জনতা উভয়কে উত্তম-মধ্যম (গণপিটুনি) দিয়ে বাটিকাডাঙ্গা স্কুলে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে চোর দুজনকে উদ্ধার করে তিতুদহ পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
তিতুদহ ক্যাম্প সূত্রে জানা গেছে, চোর চক্রের দুজনের বাড়ি যশোর জেলার মনিরামপুর এলাকায়। চোর চক্রের মূল হোতা হাসান এবং তার সহকারীর নাম মোজাহের আলি বলে জানিয়েছেন তারা।