দর্শনা থানাধীন তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামে পরকীয়ার জেরে এক গৃহবধূর ঘর ছাড়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মালয়েশিয়া প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে দুই নিষ্পাপ কন্যা সন্তানকে বাড়িতে রেখে প্রেমিকের হাত ধরে অজ্ঞাত স্থানে চলে যাওয়ার অভিযোগ উঠেছে ওই গৃহবধূর বিরুদ্ধে। এ ঘটনায় পরিবারে নেমে এসেছে হতাশার ছায়া।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোটশলুয়া গ্রামের মাঝেরপাড়ার কাউছার আলীর ছেলে মালয়েশিয়া প্রবাসী মনিরুল ইসলামের স্ত্রী বৃষ্টি খাতুন (৩০) দীর্ঘদিন ধরে একই গ্রামের পশ্চিমপাড়ার চায়নার ছেলে মিঠুর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে এলাকায় গুঞ্জন থাকলেও পরিবারের পক্ষ থেকে নানাভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছিল।
অভিযোগ রয়েছে, গত বুধবার ঘর ছাড়ার আগের দিন বৃষ্টি খাতুন নিজের নামে এবং শশুর-শাশুড়ীর নামে ব্র্যাকের হিজলগাড়ী শাখা থেকে প্রায় আড়াই লাখ টাকা ঋণ উত্তোলন করেন। পরে নিজ বাড়িতে ফিরে এসে রাতে ঘরে থাকা একটি গরু বিক্রির প্রায় ১ লাখ টাকা এবং আনুমানিক তিন ভরি স্বর্ণালঙ্কার নিয়ে প্রেমিক মিঠুর সঙ্গে অজ্ঞাত স্থানের উদ্দেশ্যে পালিয়ে যান।
সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, ঘরে রেখে যাওয়া হয়েছে তার দুই নিষ্পাপ কন্যা সন্তানকে। সকালে মাকে দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়ে শিশুরা। বারবার মায়ের খোঁজ করতে থাকলে স্বজনদেরও চোখে পানি দেখা যায়। শিশু দুটির কান্নায় পুরো বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠেছে। প্রবাসী স্বামী মনিরুল ইসলাম বিষয়টি জানতে পেরে ভেঙে পড়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। স্থানীয়দের অনেকেই বলছেন, সন্তানদের ফেলে এভাবে চলে যাওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
প্রতিবেদক হিজলগাড়ি