আলমডাঙ্গা পৌরসভার বিদায়ী প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তারকে পৌরসভার পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় আলমডাঙ্গা পৌরসভা কার্যালয়ে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। পৌরসভার নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদায়ী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার। বিদায়লগ্নে আবেগঘন বক্তব্যে পান্না আক্তার আলমডাঙ্গা পৌরসভায় দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সকল কর্মকর্তা, কর্মচারী এবং পৌরবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। কর্মচারীদের পক্ষ থেকে আন্তরিক পরিবেশে বিদায়ী প্রশাসককে এই সম্মাননা জানানো হয় বলে সকলকে আন্তরিক অভিনন্দন জানান।
তিনি বলেন, ‘আলমডাঙ্গায় আজ থেকে ৯ মাস আগে যোগদান করার পর থেকেই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে চলতে হয়েছে। আসার পর পর জাতীয় সংসদ নির্বাচন। সেটাও সঠিকভাবে দায়িত্ব পালন করেছি। এবং সফলভাবে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছিলাম আমরা। এরপর পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করতে হয়েছে। এখানেও বেশ চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে গেছি। আমার আগের ইউএনও স্যার পশুহাটের নিলাম বিষয়ে কিছু কাজ করে গিয়েছিলেন। বাকিটা আমি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে নিলাম বিজ্ঞপ্তি দিয়ে সঠিকভাবে নিলাম করতে সক্ষম হয়েছি। এখানে আপনাদের সকলের সহযোগিতা, বিশেষ করে আলমডাঙ্গার সাংবাদিক ভাইয়েরা আমাকে সহায়তা করেছে। আমি তাদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
অনুষ্ঠানে বক্তব্য দেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজ রানা, স্টোর কিপার হামিদুল ইসলাম নীলা, কসাইখানা পরিদর্শক সিরাজুল ইসলাম, ভারপ্রাপ্ত অ্যাসেসর লিয়াকত আলী, আদায়কারী সাহাদত আলী, জহুরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর প্রশাসকের সিএ হাফিজুর রহমান। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বলেন, বিদায়ী ইউএনও পান্না আক্তারের দায়িত্ব পালনকালীন কর্মদক্ষতা, সততা এবং পৌর এলাকার উন্নয়নে তাঁর বিশেষ অবদানের কথা স্মরণ করেন। এসময় তাঁরা বিদায়ী প্রশাসকের ভবিষ্যৎ কর্মজীবন ও দীর্ঘায়ু কামনা করে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
আলমডাঙ্গা অফিস