বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলীতে ইজিবাইকের ধাক্কায় শিশুকন্যা রোজার মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৩-০৫-২০২৬ ইং
উথলীতে ইজিবাইকের ধাক্কায় শিশুকন্যা রোজার মৃত্যু

আচার কিনতে দোকানে গিয়েছিল রোজা। আচার কেনা শেষে রাস্তা পারাপারের সময় ইজিবাইকের ধাক্কায় মায়ের সামনে রোজা নামের ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রোজা সেনেরহুদা গ্রামের রাজু আহমেদের একমাত্র কন্যা।


স্থানীয় সূত্রে জানা যায়, আচার কেনার উদ্দেশ্যে রাস্তা পার হয়ে এক দোকানে যায় রোজা। সেখান থেকে দৌড়ে রাস্তা পার হয়ে মায়ের কাছে ফেরার সময় দ্রুতগামী বেকারি মাল বোঝাই একটি ইজিবাইকের ধাক্কায় সে মাটিতে পড়ে যায়। এতো রোজা মাথায় গুরুতর আঘাত পায় এবং নাক ও মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে নিয়ে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র মেয়েকে হারিয়ে শিশুটির বাবামায়ের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠে।


রোজার মা রুপা খাতুন বলেন, ‘আমার কোল থেকে নেমে দোকানে চলে যায় রোজা। আমি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। আমার মেয়ে আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে দৌড়ে আসছিল। তারপর একটা গাড়ি এসে তাকে ধাক্কা মেরে দিলো। আমার মেয়ে পিচ রাস্তার উপরে পড়ে যায়।’


এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ জানান, সেনেরহুদা গ্রামে ইজিবাইকের ধাক্কায় এক শিশু মারা যাওয়ার খবর শুনেছি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’