শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় প্রশাসনের অভিযানে বাল্যবিবাহ পণ্ড দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ০৯-০৫-২০২৬ ইং
কার্পাসডাঙ্গায় প্রশাসনের অভিযানে বাল্যবিবাহ পণ্ড দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নে ধুমধাম করে চলা একটি বাল্যবিবাহ পণ্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন| গতকাল শুক্রবার দুপুরে পরিচালিত এই অভিযানে বাল্যবিবাহ আয়োজনের দায়ে অভিভাবক ও কাজীর সহকারীকে অর্থদণ্ড প্রদান করা হয়|

স্থানীয় সূত্রে জানা গেছে, কার্পাসডাঙ্গা কলোনীপাড়ার বাসিন্দা কবিরের বাড়িতে শুক্রবার দুপুর ১২টার দিকে দামুড়হুদার ঠাকুরপুর থেকে আসা এক ছেলে ও মেয়ের বিয়ের আয়োজন চলছিল| বিয়ের সব প্রস্তুতি যখন প্রায় শেষ, ঠিক তখনই গোপন সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহীন আলম|

তদন্তে দেখা যায়, বরের বয়স ২১ বছর হলেও কনের বয়স মাত্র ১৫ বছর| উপস্থিত প্রমাণাদির ভিত্তিতে বাল্যবিবাহের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়| এসময় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী অপরাধ আমলে নিয়ে ভ্রাম্যমাণ আদালত ছেলে পক্ষের অভিভাবক মো. মমতাজকে ৫ হাজার টাকা জরিমানা ও কার্পাসডাঙ্গার লাল মোহাম্মদের ছেলে ও স্থানীয় বিবাহ নিবন্ধক (কাজী) সামসুলের সহকারী আব্দুস সাত্তারকে বিবাহ পড়ানোর প্রস্তুতির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়| জরিমানা আদায়ের পাশাপাশি অভিযুক্তদের কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের বেআইনি কাজ না করার মর্মে লিখিত মুচলেকা নেওয়া হয়|

অভিযান পরিচালনায় কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এএসআই মামুনসহ সঙ্গীয় ফোর্স সার্বিক সহায়তা প্রদান করেন| কলোনীপাড়ায় প্রশাসনের এই ঝটিকা অভিযানে বাল্যবিবাহ বন্ধ হওয়ায় এলাকাবাসী ও সচেতন মহল উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন| এদিকে, বারবার বাল্যবিবাহের চেষ্টার সাথে যুক্ত থাকার অভিযোগে স্থানীয় কাজী সামসুলের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী| আইন অমান্য করে অপ্রাপ্তবয়স্কদের বিয়ের আয়োজন করায় এলাকাবাসী অবিলম্বে কাজী সামসুলের লাইসেন্স বাতিলের জন্য প্রশাসনের কাছে জোর দাবি তুলেছেন| নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন আলম জানান, বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে|




কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান