‘সবাই মিলে করি কাজ, মানবিক হবে সমাজ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় পালিত হয়েছে ৯৮তম বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদ্যাপন করা হয়। সকাল সাড়ে ৯টায় রেড ক্রিসেন্ট অফিস প্রাঙ্গণে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি.এম তারিক উজ জামান জাতীয় পতাকা এবং চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি হামিদুর রহমান রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করেন।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিটের সহসভাপতি রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি.এম তারিক উজ জামান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহামেদ। বক্তারা বলেন, বিশ্বব্যাপী আর্তমানবতার সেবায় রেডক্রস ও রেড ক্রিসেন্ট মুভমেন্ট অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। চুয়াডাঙ্গা ইউনিটও স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলা ও মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। একই সঙ্গে সবাইকে মানবসেবামূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইউনিটের কার্যকরি সদস্য সেলিমুল হাবিব। স্বাগত বক্তব্য দেন ইউনিট সেক্রেটারি হামিদুর রহমান। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন কার্যকরি সদস্য মফিজুর রহমান মনা।
এসময় উপস্থিত ছিলেন কার্যকরি সদস্য অ্যাডভোকেট শাহজাহান মুকুল, সিরাজুল ইসলাম মনি, আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, আল মাসুম বাবু, আনিছুর রহমান, রওফুন নাহার রীনা, ইউনিট লেভেল অফিসার শেখ মাহমুদুন নবী, হিসাবরক্ষক আকতার হোসেন, সুপারভাইজার শফিউল বাসার, ইউনিটের যুব প্রধান হাবিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের যুব সদস্যরা। উল্লেখ্য, রেড ক্রসের প্রতিষ্ঠাতা ঐবহৎু উঁহধহঃ-এর জন্মদিন উপলক্ষে প্রতিবছর ৮ মে বিশ্বব্যাপী রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়।
সমীকরণ প্রতিবেদক