মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
চুয়াডাঙ্গা সদরের মাখালডাঙ্গা ইউনিয়নে টিআর প্রকল্পের কাজে হরিলুট

পিআইসি সভাপতি দেখেননি টাকার ‘ট’ পর্যন্ত

উপজেলা প্রশাসনের নিরপেক্ষ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেবার দাবি
  • আপলোড তারিখঃ ১০-১১-২০২৬ ইং
পিআইসি সভাপতি দেখেননি টাকার ‘ট’ পর্যন্ত

উন্নয়ন মানেই কি হরিলুট আর ভাগবাটোয়ারার সংস্কৃতি? চুয়াডাঙ্গার সাধারণ মানুষের এমনই এক প্রশ্ন এখন জোরালো হয়ে উঠেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নে সরকারি অনুদানে বাস্তবায়িত দুটি উন্নয়ন প্রকল্পের চিত্র দেখলে যে কারও মনে এ প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। খাতা-কলমে টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পের আওতায় রাস্তা মাটি ভরাট ও এইচবিবি (হেরিং বোন বন্ড) করণের কাজ দুটি সম্পন্ন দেখানো হলেও, বাস্তবে সেখানে করা হয়েছে ব্যাপক অনিয়ম আর দুর্নীতির মহোৎসব। সরকারি বরাদ্দের সঠিক ব্যবহার না করে হরিলুটের অভিযোগ তুলেছেন স্থানীয় এলাকাবাসী। অবিলম্বে উপজেলা প্রশাসনের মাধ্যমে উচ্চপর্যায়ের তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


অনুসন্ধানে জানা যায়, মাখালডাঙ্গা ইউনিয়নের উকতো পাকা রাস্তা থেকে শুরু করে আনারুলের বাড়ি অভিমুখে রাস্তা মাটি ভরাটসহ এইচবিবি করণ কাজের জন্য বরাদ্দ দেওয়া হয় ১ লাখ ৯১ হাজার ৯ শ টাকা। প্রকল্পটি ২০২৫-২৬ অর্থবছরের টিআর কর্মসূচির আওতাভুক্ত। অন্যদিকে, একই গ্রামের কবরস্থান থেকে বিলের অভিমুখে রাস্তা উন্নয়ন ও এইচবিবি করণের জন্য বরাদ্দ করা হয় ১ লাখ ২০ হাজার টাকা। এই কাজটি বাস্তবায়িত হয়েছে ২০২৪-২৫ অর্থবছরে।


কাগজে-কলমে এই দুটি রাস্তার দৈর্ঘ্যই ১০৫ ফুট করে দেখানো হয়েছে। কিন্তু এই দুটি কাজের মান এবং বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, অত্যন্ত নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে দায়সারাভাবে কাজ শেষ করা হয়েছে, যার সুফল তো দূরে থাক, উল্টো ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।


সরকারি নিয়ম অনুযায়ী, প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি হিসেবে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যের কাজটি সরাসরি তদারকি ও বাস্তবায়ন করার কথা। আলোচিত এই দুটি প্রকল্পের পিআইসি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ইউপি সদস্য মিজানুর রহমান। তবে পিআইসি সভাপতির এই দায়িত্ব যেন কেবলই কাগজে-কলমে।


সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে ইউপি সদস্য মিজানুর রহমান যে তথ্য দিয়েছেন, তা রীতিমতো অবিশ্বাস্য ও চাঞ্চল্যকর। তিনি দাবি করেন, “টাকার ‘ট’ পর্যন্ত আমি দেখিনি। চেয়ারম্যান মহোদয় নিজে বিল পরিশোধ করেছেন। এসব কাজে চেষ্টা করেছি বুঝে নেবার, ভালোভাবে কাজগুলো সম্পন্ন করেছি। তবে টাকা-পয়সার বিষয়ে কিছু জানি না। অনিয়ম হয়েছে কি না, সেটিও আমি জানি না।”


খাতা-কলমে প্রকল্পের পুরো দায়িত্বে থাকা একজন জনপ্রতিনিধি যদি প্রকল্পের আর্থিক লেনদেন কিংবা স্বচ্ছতা সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে থাকেন, তবে প্রশ্ন জাগে- তাহলে কি পিআইসি কমিটি কেবল একটি আইওয়াশ মাত্র? সমস্ত দায়িত্ব এড়িয়ে ইউপি সদস্য সরাসরি সমস্ত দোষ চাপিয়ে দিয়েছেন ইউপি চেয়ারম্যানের ওপর।


ইউপি সদস্যের এমন বক্তব্যের পর ইউপি চেয়ারম্যান বিশ^জিৎ সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর বক্তব্যেও মেলে দায়িত্বহীনতার সুর। তিনি দায় এড়াতে টানেন অন্য এক ব্যক্তির নাম। ইউপি চেয়ারম্যান বিশ^জিৎ সাহা বলেন, ‘নাসির মেম্বার ঠিকাদারি কাজ করে। তাকে দিয়েই সব কাজ করানো হয়েছে। ইউপি সদস্য সবকিছু দেখেছেন।’


চেয়ারম্যানের এই বক্তব্য যেন ‘চোরের ওপর বাটপারি’র শামিল। পিআইসি সভাপতি বলছেন টাকা দেখেননি চেয়ারম্যান, আর চেয়ারম্যান বলছেন কাজ করিয়েছেন অন্য মেম্বারকে দিয়ে! দায়িত্বশীল ব্যক্তিদের এমন পরস্পরবিরোধী ও দায়সারা বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে টিআর প্রকল্পের লাখ লাখ টাকা আত্মসাতের এক সুনিপুণ নকশা।


গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য সরকার টিআর প্রকল্পের মাধ্যমে যে অর্থ বরাদ্দ দেয়, তার মূল উদ্দেশ্য থাকে গ্রামীণ জনগোষ্ঠীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জীবনযাত্রার মানোন্নয়ন। কিন্তু মাখালডাঙ্গা ইউনিয়নের এই দুটি প্রকল্পে হরিলুটের যে চিত্র ফুটে উঠেছে, তাতে উন্নয়ন কার্যক্রম উপহাসে পরিণত হয়েছে। নিম্নমানের ইট ও বালু দিয়ে দায়সারা কাজ করায় সামান্য বৃষ্টিতেই রাস্তা ধসে পড়ার উপক্রম হয়েছে।


এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকারি টাকা হরিলুট করার জন্য নয়। যারা জনকল্যাণের এই টাকা আত্মসাৎ করেছে এবং নিম্নমানের কাজ উপহার দিয়েছে, তাদের মুখোশ উন্মোচন করা জরুরি।’


দুর্নীতির দায়ে অভিযুক্তদের ছাড় না দিয়ে অবিলম্বে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন এলাকাবাসী। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারিও দিয়েছেন তারা। গ্রামীণ জনপদের খেটে খাওয়া মানুষের ট্যাক্সের টাকায় চলা এই উন্নয়ন প্রকল্পগুলোতে হরিলুট রোধে সংশ্লিষ্ট দপ্তরের নজরদারি এখন সময়ের দাবি।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় আনসার-ভিডিপির মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করলেন ডিসি লুৎফুন নাহার