চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসাসেবার মান, রোগীদের সেবা প্রক্রিয়া, চিকিৎসা সরঞ্জামের অবস্থা এবং জনবল সংকটসহ বিভিন্ন বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি পরিদর্শনে এসে হাসপাতাল সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় স্বাস্থ্যসেবাকে আরও উন্নত, আধুনিক ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্য।
পরিদর্শন শেষে বক্তব্যে এমপি মাসুদ পারভেজ রাসেল বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্যখাতকে ধ্বংস করে গেছে। দিল্লির পরামর্শে প্রাণগোপাল বাবুকে স্বাস্থ্য মন্ত্রী করা হয়েছিল। ফলে দেশের স্বাস্থ্যসেবার মান নিম্নপর্যায়ে নেমে যায়। তারা সবসময় ভারতনির্ভর চিকিৎসা ব্যবস্থার ওপর নির্ভরতা তৈরি করেছে। আমরা এর পরিবর্তন চাই।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে এবং উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে আরও কার্যকর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি ইসরাইল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, উপজেলা সমাজকল্যাণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, জেলা যুব বিভাগের সভাপতি ও আলমডাঙ্গা পৌর মেয়র পদপ্রার্থী নূর মোহাম্মদ হুসাইন টিপু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাইয়ূম উদ্দীন হিরক, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, উপজেলা আমির শফিউল আলম বকুল, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, কুমারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদ আহমেদ মামুন, হারদী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শাজাহান আলী, হারদী ইউনিয়ন আমির ফরিদ উদ্দিন, সেক্রেটারি আসাদুজ্জামান ওসমানী, থানা ছাত্রশিবিরের সভাপতি শামীম ও মিডিয়া সম্পাদক হাসানুজ্জামান সোহেলসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলমডাঙ্গা অফিস