রাজধানীর শাহবাগের একটি বাসা থেকে এ বি এম আবিদ হাসান জিসান (২৬) নামে এক তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে হাবিবুল্লাহ রোডের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জিসানের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলায়। তার বাবার নাম আহসান হাবিব বলে জানা গেছে।
নিহত আবিদের সহকর্মী হাফিজুর জানান, জিসান ২০১৮-১৯ শিক্ষাবর্ষে কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে ইন্টার্নশিপ শেষ করে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি কয়েকজন সহকর্মীর সঙ্গে হাবিবুল্লাহ রোডের ওই বাসায় থাকতেন। রুমমেট দীপ্ত সিংহ দুপুরে বাসায় ফিরে তাকে অস্বাভাবিক অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর আড়াইটায় মৃত ঘোষণা করেন। হাফিজুর আরও জানান, রোববার সকালে বাসা থেকে বের হওয়ার সময় জিসানকে তার পরিবারের সঙ্গে কথা বলতে দেখা গেছে।
তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। ফারুক বলেন, ‘মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’
নিজস্ব প্রতিবেদক