চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ এলাকার যাদবপুর মাঠে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মাদক বিরোধী এ অভিযানে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ। এসময় চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান উপস্থিত থেকে মাদক বিরোধী কার্যক্রমের বিষয়ে বক্তব্য দেন। এছাড়াও সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের এএসআই সদরুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরোজগঞ্জ এলাকার যাদবপুর মাঠে অভিযান চালিয়ে ২ পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ দিন মাদকসেবীকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন- কিরণগাছি গ্রামের সামসুল হকের ছেলে মামুন হোসেনকে (২৫) ৩ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। একই গ্রামের মৃত আবু মুফার ছেলে লাল্টু হোসেনকে (৪০) ৫০০ টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে, নবীননগর গ্রামের মৃত হাসু আলীর ছেলে এনামুল হককে (৪৪) ১৫ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘চুয়াডাঙ্গা জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ স্থানীয়রা জানান, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।
প্রতিবেদক সরোজগঞ্জ