বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদরের তিতুদহে বিশ্ব ধরিত্রী দিবস পালন

পরিবেশ রক্ষায় সচেতনতার আহ্বান
  • আপলোড তারিখঃ ২৩-০৪-২০২৬ ইং
চুয়াডাঙ্গা সদরের তিতুদহে বিশ্ব ধরিত্রী দিবস পালন



চুয়াডাঙ্গার তিতুদহে পালিত হয়েছে বিশ্ব ধরিত্রী দিবস। দিবসটি উপলক্ষে পরিবেশবাদী দুটি সংগঠন- ‘মানবতার জন্য’ ও ‘বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ’ আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। প্রতি বছর ২২ এপ্রিল বিশ্বের ১৯৩টি দেশে বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয়। মানুষের কাছে পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দিতেই এই আয়োজন। এ বছরে দিবসটির প্রতিপাদ্য ‘আমাদের শক্তি, আমাদের গ্রহ’। এ উপলক্ষে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান।


বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নয়ন কুমার রাজবংশী, কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নাঈম ইসলাম এবং জেলার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা আবুল খায়ের আতা এলাহী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের সভাপতি ও প্রাণিবিদ্যার প্রভাষক মো. আহসান হাবীব শিপলু। সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের শিক্ষক রুহুল আমিন।


আলোচনায় বক্তারা বলেন, প্রকৃতি ধ্বংসের জন্য মানুষই সবচেয়ে বেশি দায়ী। অতিরিক্ত ভোগ ও প্রয়োজনের চাপে পরিবেশ আজ মারাত্মক সংকটে পড়েছে। জলাভূমির বড় অংশ বিলীন হয়ে গেছে, নদী-নালার পরিবেশও হুমকির মুখে। এ পরিস্থিতি থেকে উত্তরণে এখনই সচেতন হতে হবে।


প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘পৃথিবীকে নিয়ে সচেতনতা তৈরি হতে অনেক দেরি হয়ে গেছে। এর মধ্যে আমরা অনেক ক্ষতি করে ফেলেছি। তাই এখন সবাইকে এগিয়ে এসে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় কাজ করতে হবে।’ তিনি বাড়ির জৈব বর্জ্য মাটিতে পুঁতে জৈব সার তৈরির পরামর্শ দেন।


সভাপতির বক্তব্যে বলা হয়, চুয়াডাঙ্গাসহ আশপাশের জেলাগুলোতে পরিবেশ, প্রকৃতি ও বন্যপ্রাণী নিয়ে কাজ করছে সংগঠনটি। তবে জেলায় অতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের পাশাপাশি প্লাস্টিক দূষণ বাড়ছে। বাজারে গেলে নিজস্ব ব্যাগ ব্যবহারের মাধ্যমে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক কমানোর আহ্বান জানান তিনি।


অন্যদিকে, ‘মানবতার জন্য’ সংগঠনের উদ্যোগে তিতুদহ ইউনিয়নের ৬২ নম্বর আড়ীয়া গ্রামে শিশু-কিশোরদের নিয়ে ধরিত্রী দিবস পালিত হয়। এ সময় তাদের পরিবেশ সচেতনতা, গাছ লাগানো এবং প্লাস্টিক দূষণ রোধের বিষয়ে ধারণা দেওয়া হয়। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. শাহিন সরকারসহ আব্দুল মান্নান, সুলতান সরকার, ইয়াদুল, রাব্বি, ইমনসহ আরও অনেকে।



কমেন্ট বক্স