সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা সরকারি কলেজের নতুন ভবনের থাইগ্লাস ভেঙে পড়ছে

দুর্ঘটনার আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা
  • আপলোড তারিখঃ ১০-০৪-২০২৬ ইং
দর্শনা সরকারি কলেজের নতুন ভবনের থাইগ্লাস ভেঙে পড়ছে

দর্শনা সরকারি কলেজের নতুন নির্মিত ৫তলা ভবনের থাইগ্লাস সঠিকভাবে স্থাপন না করায় তা ভেঙে পড়ছে বলে অভিযোগ উঠেছে। এতে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে কলেজটির অধ্যক্ষ প্রফেসর এস এম শাহ আলম ভবনটি পরিদর্শন করে জানান, ভবনের থাইগ্লাসগুলো যথাযথভাবে স্ক্রু ও পুটিং দিয়ে স্থাপন করা হয়নি। ফলে সামান্য ঝড়-বাতাসেই গ্লাস খুলে পড়ে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে।


তিনি আরও জানান, ভবনের পেছনের ভেন্টিলেটরগুলোতেও থাইগ্লাস লাগানো নেই। এতে ঝড়-বৃষ্টির সময় কক্ষের ভেতরে পানি প্রবেশ করছে, যা শিক্ষার পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। কলেজ সূত্রে জানা গেছে, ভবনটির নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের ১৭ ডিসেম্বর এবং ২০২০ সালের অক্টোবরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও তা ২০২১ সাল পর্যন্ত গড়ায়।


এ বিষয়ে ঠিকাদার হায়দার আলীর কাছে জানতে চাইলে তিনি দাবি করেন, প্রায় পাঁচ বছর আগে কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ গ্রহণ করেছে। থাইগ্লাস স্ক্রু ও পুটিং দিয়ে স্থাপন করা হয়েছিল বলেও তিনি জানান। তবে সরেজমিনে গিয়ে এর সত্যতা পাওয়া যায়নি।


স্থানীয়দের অভিযোগ, তৎকালীন চুয়াডাঙ্গা-২ আসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করে। নিম্নমানের কাজের কারণেই এমন সমস্যা দেখা দিয়েছে বলে অনেকে মনে করছেন।


দর্শনা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বলেন, সিডিউল অনুযায়ী কাজ না হলে তা অবশ্যই অন্যায়। দর্শনা পৌরসভার সাবেক সমন্বয়ক লুৎফর রহমান বলেন, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এছাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি হারুন অর রশিদ নির্মাণকাজে ত্রুটির অভিযোগ তুলে যথাযথ তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


এদিকে নতুন ভবনে পুরোপুরি কার্যক্রম শুরু হওয়ার আগেই থাইগ্লাস ভেঙে পড়ার ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী