মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় বোনের জমি জোরপূর্বক দখলের অভিযোগ

  • আপলোড তারিখঃ ২৯-০৩-২০২৬ ইং
দর্শনায় বোনের জমি জোরপূর্বক দখলের অভিযোগ

দর্শনায় বোনের জমি জোরপূর্বক দখল, দোকানের মালামাল লুট এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোছা. মমতাজ বেগম দর্শনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল শনিবার দর্শনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মোছা. মমতাজ বেগম বলেন, তিনি অত্যন্ত দুঃখভারাক্রান্ত মন নিয়ে তার ওপর সংঘটিত অন্যায়, নির্যাতন, সম্পত্তি দখল ও নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরতে সাংবাদিকদের সামনে উপস্থিত হয়েছেন।


তিনি জানান, দক্ষিণচাঁদপুর মৌজার ৩৯৭ নম্বর খতিয়ানের ৫৫৮০ নম্বর দাগে অবস্থিত পৈত্রিক জমির তিনি ও তার ভাইয়েরা বৈধ ওয়ারিশ। প্রায় এক বছর আগে ওয়ারিশদের সম্মতিতে সেনাক্যাম্পে একটি বৈঠকের মাধ্যমে স্ট্যাম্পে স্বাক্ষর করে জমির অবস্থান ও হিস্যা নির্ধারণ করা হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী তিনি ও তার ভাই মিজানুর রহমান তাদের প্রাপ্য অংশে একটি পাকা দোকান নির্মাণ করেন। নির্মাণকালে কোনো পক্ষ থেকে আপত্তি তোলা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।


কিন্তু দোকান নির্মাণ শেষ হওয়ার পর তার আপন দুই ভাই মো. সাজেদুর রহমান বাবু ও মো. সাইফুর রহমান রোকন জোরপূর্বক দোকানের দখল নেওয়ার চেষ্টা শুরু করেন। এ ঘটনায় তিনি আদালতে মামলা দায়ের করেন। পরে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার লক্ষ্যে দর্শনা থানায় একটি সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে তাকে অশালীন আচরণের শিকার হতে হয় এবং একপর্যায়ে গলা টিপে হত্যার চেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করেন।


মমতাজ বেগম আরও জানান, নতুন ব্যবসা শুরু করার উদ্দেশ্যে তিনি তার দোকানে প্রায় ১০ লাখ টাকার ইলেকট্রনিক পণ্য মজুদ করেন। কিন্তু গত ২২ মার্চ ভোরে অভিযুক্তরা কয়েকজন সহযোগী নিয়ে দোকানের তালা ভেঙে সব মালামাল লুট করে নিয়ে যায় এবং দোকানে নতুন তালা লাগিয়ে দেয়।


তিনি অভিযোগ করেন, এ ঘটনার পেছনে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির কু-পরামর্শ ও প্ররোচনা রয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বলেও তিনি জানান।


একজন নারী হিসেবে তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিনযাপন করছেন উল্লেখ করে সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি অভিযোগটি তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী