আলমডাঙ্গায় মাদক বিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট, নগদ টাকা ও একটি মোবাইল ফোনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বেলগাছি ইউনিয়নের কেদারনগর গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কেদারনগর মন্ডলপাড়ার আনিছুর রহমানের ছেলে মনিরুল ইসলাম (৩৫) ও একই এলাকার বিলপাড়ার মৃত মোশারফ হোসেনের ছেলে সুজন (৩০)। পুলিশ বলছে, তাঁরা স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর কবীর সঙ্গীয় ফোর্সসহ কাশিপুর কেদারনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অভিযান চালান। এসময় বটগাছের নিচ থেকে ওই দুজনকে আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে ২০টি টাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৯৩০ টাকা এবং একটি কালো রঙের বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আলমডাঙ্গা অফিস