আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়ায় লাইসেন্স ছাড়া পেট্রোল বিক্রির দায়ে মেসার্স মিনারুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছে। একইসঙ্গে দোকানে মজুতকৃত পেট্রোল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইলসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালতের রসিদ অনুযায়ী, এই জরিমানা পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ৬ ও ৭ ধারা লঙ্ঘনের দায়ে প্রদান করা হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ীর কাছ থেকে মজুতকৃত পেট্রোল সরকারের নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তা অধিকার রক্ষা, জ্বালানি বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং নিয়ম না মানা ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। এ ধরনের অভিযান জেলার ভোক্তাদের স্বার্থে নিয়মিত পরিচালিত হবে এবং প্রশাসন সতর্ক করেছে যে, ভবিষ্যতে কেউ এ ধরনের অনিয়ম করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদক হাটবোয়ালিয়া